দীর্ঘ প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা টাঙানোর ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শহরের ব্যাংকপাড়া এলাকায় অবস্থিত বন্ধ থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে চার যুবক একটি লাঠির মাধ্যমে জাতীয় পতাকা টাঙাচ্ছেন। এ সময় তাদের ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সারোয়ার হোসেন বলেন, বিষয়টি তাদের জানা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে অবগত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে।