ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরাইলের শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা হাসিনা (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)। আর আহতরা হলেন আমজাদ হোসেনের ছেলে হৃদয় (২৫) ও চাঁদ (১২) এবং একই গ্রামের নিলুফা (৩৬)। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুরে শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। সেখান থেকে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে চালকসহ দু’জন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।