রাজশাহী জেলা আ. লীগের কার্যালয়ে স্লোগান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়।

নগরের উপকণ্ঠ সিটিহাট এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কার্যালয়টির দরজা-জানালা এবং ইটও খুলে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হঠাৎ সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনের স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে ১২-১৫ জন নেতাকর্মী কার্যালয়টির সামনে যান। এরপর চারজন ক্যামেরার সামনে এসে স্লোগান দেন। এদের মধ্যে দুজনের মাস্ক পরা ছিল। একজন হেলমেট পরে ছিলেন। তবে অন্য একজন হেলমেট কিংবা মাস্ক নেননি।

এদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা যায়।

এই নেতাকর্মীরা প্রথমে কার্যালয়ের সামনে ছবি ও পতাকা হাতে স্লোগান দেন। এরপর ভেতর ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এমন বিষয় আমার জানা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই। পুলিশের চোখে পড়লে তারা গ্রেপ্তার হতেন।

  • আ.লীগ
  • কার্যালয়
  • রাজশাহী
  • স্লোগান
  • #