রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে পাঁচজন নারী ও একজন পুরুষসহ ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গুলশান থানা-পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ওই ব্যক্তিরা মূলত সাহায্যের আবেদন নিয়ে সেখানে এসেছিলেন। পরে তাদের গুলশান থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ছয়জন প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান করছিলেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরতে রাজি হননি। পরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) পক্ষ থেকে বিষয়টি গুলশান থানাকে জানানো হলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যাননি। পরে এসএসএফ বিষয়টি আমাদের অবহিত করলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।’
তিনি আরও জানান, থানায় আনার পর ওই ব্যক্তিদের ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।