ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে বলে শশীভুষন থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান।
নিহতরা হল ওই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে সোহানা (৯) এবং মো. ইউসুফের মেয়ে খাদিজা খাতুন (৮)। তারা একে অপরের প্রতিবেশী।
পরিবারের বরাতে পুলিশ জানায়, খাদিজা ও সোহানা খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে স্বজনরা খোঁজখুজি করে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে নামে। সেখান থেকে দুজনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি ফখরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।