নবীনগরে বালু সন্ত্রাসীদের হামলায় ১০ জন গুলিবিদ্ধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় বালু সন্ত্রাসীদের হামলায় গ্রামের ১০ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া অনেকে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে নুরুল আমীন (৪০), রূপ মিয়া (৪৫), সফর মিয়া (৫০)।সিয়াম হোসেন (১৬) ও ইব্রাহিম মিয়াকে (৩০) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক ও নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম সকালে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এলাকার পরিস্থিতি এখন থমথমে রয়েছে। তবে সবার ভেতরে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীতীরবর্তী চরলাপাং গ্রামসহ আশপাশের গ্রামগুলো প্রচণ্ডভাবে নদীভাঙনের কবলে পড়ে। গ্রামবাসী বারবার এর প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে প্রশাসন বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু কয়েক দিন বন্ধ থাকার পর আবারও নদী থেকে বালু উত্তোলন শুরু হয়। গ্রামবাসীর অভিযোগ, প্রতিটি ড্রেজারে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা চররাপাং গ্রামের জমি থেকে তাদের ফসল জোরপূর্বক কেটেও নিয়ে যায়।

ভুক্তভোগী কয়েকজন জানান, ফসলি জমির ধান কেটে নেওয়ার প্রতিবাদ করায়, আজ রবিবার সকালে ২০-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী গ্রামবাসীর ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হন।

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন, সকালে ঘটনা শোনার পরপরই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

  • গুলিবিদ্ধ
  • নবীনগর
  • বালু
  • সন্ত্রাসী
  • হামলা
  • #