কুড়িগ্রামের রাজারহাটে বিএনপি নেতার দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমতাজুল করিম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতা হাসান জিহাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়িতে হাসান জিহাদী ও তাঁর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তারা টিনের বেড়া ভাঙচুর ও নগদ অর্থ-স্বর্ণালংকার লুট করেন। শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলায় হাসান জিহাদীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।