ঝালকাঠির নলছিটিতে পায়ে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম। জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। রাকিবুল সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাবার জানাজায় পায়ে ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায়ই অংশ নেন তিনি। পরে নির্ধারিত সময় শেষে রাতে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান, ১২ ঘণ্টার বেশি প্যারোলে মুক্তি দিয়ে আসামিকে বাইরে রাখার সুযোগ নেই। পুলিশ যে অবস্থায় কারাগার থেকে আসামিকে বুঝে পাবে, আবার সেই অবস্থায় কারা কর্তৃপক্ষের কাছে আসামিকে বুঝিয়ে দেবে। তাই ডাণ্ডাবেড়ি খোলার সুযোগ নেই।