প্রতীকী ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে ১০ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু শামস ওই গ্রামের মমিনুলের একমাত্র সন্তান। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় পরিবারের লোকজন যখন ইফতারির প্রস্তুতি নিচ্ছিল সে সময় শামসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর অনেক খোঁজার একপর্যায়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শিশু হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।