চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে আবারও গুলি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে আবারও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের দাবি, কোটি টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা চারজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে বাসার সামনে আসে এবং বাসাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের মধ্যে একজনের দুই হাতে দুটি পিস্তল ছিল। অপর তিনজনের হাতে সাবমেশিনগান, চায়নিজ রাইফেল ও শটগান দেখা গেছে।

এর আগে গত ২ জানুয়ারি একই বাসভবনে গুলি চালানো হয়েছিল। সেসময় বাসার জানালার কাচ ভেঙে যায় এবং দরজাতেও গুলি লাগে। ওই ঘটনার পর থেকে বাসাটি পুলিশি পাহারায় ছিল। পুলিশি নিরাপত্তার মধ্যেই আবারও গুলির ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার পর বাড়িটি পরিদর্শন করেছে বাংলাদেশ পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

  • গুলি
  • চট্টগ্রাম
  • পুলিশি পাহারা
  • বাড়ি
  • ব্যবসায়ী
  • #