মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

ইরানের ওপর হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া চলমান সংঘাত  এবং কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের এ অবস্থান পরিষ্কার করা হয়।

বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশ আশা করে যে দ্রুততম সময়ে শান্ত অবস্থা বিরাজ করবে এবং শিগগিরই সমগ্র অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান বৈরী পরিস্থিতি কেবল আঞ্চলিক শান্তি নয়, বরং বেসামরিক জনগোষ্ঠীর কল্যাণকেও চরমভাবে বিপন্ন করবে। সংঘাত নিরসনে সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার ওপর জোর দিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো বলছে, ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার বিশেষভাবে উদ্বিগ্ন। সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা এখন ঢাকার অন্যতম অগ্রাধিকার। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং রেমিট্যান্স প্রবাহ অনেকাংশে নির্ভরশীল। বিশেষ করে সৌদি আরব ও কাতারসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকায় বাংলাদেশকে এ সংকটে অত্যন্ত হিসাব করে পা ফেলতে হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্দিষ্ট কোনো পক্ষকে সরাসরি অভিযুক্ত না করে সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেয়া বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিরই প্রতিফলন।

  • দেশ
  • নিন্দা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • #