খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে
প্রতীকী ছবি

খুলনা নগরীর নিরালা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত আব্দুল আজিজ (৩৫) মারা গেছেন। রোববার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজ মহানগরীর বাগমারা মেইন রোড সেতুসংলগ্ন এলাকার খলিলুর রহমানের ছেলে। এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর খুলনা মহানগরীতে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। এর মধ্যে মারা গেছেন দুইজন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রবিবার রাত ৯টার দিকে মহানগরীর নিরালার জাহিদুর রহমান রোডে অবস্থান করছিলেন আব্দুল আজিজ। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার গলা ও পেটে বিদ্ধ হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

গুরুতর অবস্থায় আজিজকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত আজিজের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি নগরীর একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত আজিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • খুলনা
  • গুলিবিদ্ধ
  • মৃত্যু
  • #