কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এদিকে, ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত তারা তাদের সবচেয়ে উন্নত বা অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে তেহরান যে পাল্টা হামলা চালাচ্ছে, তারই অংশ হিসেবে কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে মঙ্গলবার (৩ মার্চ) এ হামলার ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, কাতারকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়, তবে দ্বিতীয়টি আল-উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত তারা তাদের সবচেয়ে উন্নত বা অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এ বিষয়ে বলেন, আমাদের প্রতিরোধ করার এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রুপক্ষ যা পরিকল্পনা করেছে, তার চেয়েও দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে।