ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গতকালের সেই বিরোধের জের ধরে আজ সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে এই সংঘাত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই গোষ্ঠীর লোকজন অংশ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

  • আহত
  • নাসিরনগর
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সংঘংর্ষ
  • #