ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে এক নারী শিক্ষক খুন হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ সময় একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রক্টর।

শিক্ষক ও কর্মচারীকে হাসপাতালে নিয়ে আসা একজন শিক্ষার্থী সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আজকে বিভাগের ইফতার মাহফিল ছিল। পরীক্ষা হয়েছে। আমরা ইফতারের জন্য কক্ষ গোছগাছ করি। ম্যাম, তার কক্ষেই ছিলেন। তখন হঠাৎ করেই আমার এক বন্ধু বলে, ম্যামের কক্ষ থেকে কীসের যেন আওয়াজ আসছে। ‘বাঁচাও বাঁচাও’ এরকম আওয়াজ আসছে। দরজা সঙ্গে সঙ্গে ভাঙা হইছে। তখন দেখলাম, ম্যাম একদিকে পড়ে আছে। আর যে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতাছে।’

ওই শিক্ষার্থী বলেন, পরে পুলিশ, প্রক্টর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা আসেন। শিক্ষিকা ও কর্মচারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, শিক্ষিকাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তারপরও ইসিজি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাত ও রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, এ ঘটনা কীভাবে ঘটেছে সে ব্যাপারে পরে জানানো হবে।

  • আত্মহত্যাচেষ্টা
  • ইবি
  • কর্মচারী
  • ছুরিকাঘাত
  • শিক্ষিকা
  • #