খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৫০ ভরি সোনা-রুপা লুট

:
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোড়ান টেম্পোস্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় দোকানটি অবস্থিত। ধারণা করা হচ্ছে,  রাতে এই চুরির ঘটনা ঘটেছে। সকালে দোকানের মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মালিকপক্ষের কাছ থেকে জানা গেছে, দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে তদন্তের পর চুরি হওয়া অলংকারের প্রকৃত পরিমাণ জানা যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি শফিকুল ইসলাম বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

  • খিলগাঁও
  • জুয়েলারি দোকান
  • দুর্ধর্ষ চুরি
  • #