চাঁদাবাজিকাণ্ডে আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

চাঁদাবাজিকাণ্ডে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে এ মামলায় অন্য তিন আসামি মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের জামিন আবেদন মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি নিয়ে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য জানান।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের এপিপি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

পরে ১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে আজ শুনানির দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদলতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে গত ২৬ ফেব্রুয়ারি রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। এতে অজ্ঞাত ১০-২২ জনকে আসামি করা হয়।

  • মামলা
  • রিমান্ড
  • হত্যাচেষ্টা
  • #