প্রতীকী ছবি
রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ক্যাবল লাইনের (ডিস) ব্যবসায়ী ছিলেন। কোন কারণে তার মৃত্যু হয় তার তদন্ত চলছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনার সঠিক তথ্য জানার চেষ্টা করছে।
নিহত ব্যবসায়ীর নাম মাহমুদুল হোসেন (২৮)। তিনি পটুয়াখালী সদরের মশিপুর এলাকার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। ভাটারা এলাকায় তিনি একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
ভাটারা থানার এসআই রিফাত আল-আফসানী বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে একটি কক্ষের সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহমুদুলের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ব্যবসায়িক কারণে বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত ছিলেন জানিয়ে পরিবারের উদ্ধৃতি দিয়ে এসআই রিফাত আল-আফসানী বলেন, তবে এ কারণে তিনি আত্মহত্যা করেছেন কিনা তা নিয়ে নানা সন্দেহ রয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কারণও থাকতে পারে। তার তদন্ত চলছে।