চট্টগ্রামে ছুরিকাঘাতে ‘টেডি দিদার’কে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

চট্টগ্রামের পাহাড়তলীতে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি দিদারুল আলম ওরফে টেডি দিদারকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী আমবাগান আনসার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।  শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দিদারুল আলম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর সরাইপাড়া বাসা থেকে টেডি দিদারকে ডেকে নিয়ে যান কয়েকজন যুবক। পরে তাকে বাজারের সামনে পেটাতে পেটাতে আমবাগান এলাকার দিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, ‘খুলশী আনসার ক্লাবের সামনে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

ওসি আরও বলেন, নিহত ব্যক্তি পাহাড়তলী সরাইপাড়া এলাকার হলেও ঘটনাটি খুলশী থানাধীন আনসার ক্লাবের সামনে ঘটেছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত বলতে পারবে।

খুলশী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

  • চট্টগ্রাম
  • ছুরিকাঘাত
  • হত্যা
  • #