নেত্রকোনায় ৯ বছরের কন্যাশিশুর বিবস্ত্র ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ৯ বছরের মেয়ের বস্ত্রহীন ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে স্থানীয়রা। উপজেলার একটি গ্রামে শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।  মেয়েটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চার কিশোর ও দুই তরুণকে আটক করেছে।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়েরে ভাত বাইড়া দিয়া ছাগল আনতাম গেছিলাম। ঘরে কেউ ছিল না। যাওনের সময় পাশে দোকানের কাছে তিনজন ছেরারে দেইখ্যা গেয়েছিলাম। পরে ফিইরা আওনের সময় তারারে আর পাই নাই। আমি ঘরে গিয়া মানুষসহ আমার মাইয়াডারে ধর্না থাইক্কা নামাই। আমার ছোট্ট শিশুটার সাথে যারা এই কাম করছে, আমি তারার ফাঁসি চাই।’

নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মুঠোফোনে বললেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করে ঝুলিয়ে রাখা হয়। যারা এই জঘন্য কাজ করেছে, আশা করি দ্রুত তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজল সরকারসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। আর দুজনের বয়স ২২ বছর। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে সক্ষম হবেন বলে আশা করছেন পুলিশ সুপার।

  • আটক
  • উদ্ধার
  • কন্যাশিশু
  • নেত্রকোনা
  • লাশ
  • #