খুলনায় বিদেশি ৫ পিস্তল ও বিপুল গুলিসহ নারী আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

খুলনা নগরীতে এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লবণচরা থানার নিজখামার এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে ওই নারীকে আটক করা হয় বলে জানিয়েছেন কেএমপির লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান। আটক সুরাইয়া পারভীন সুমী (৩৭) সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে।

খুলনায় জাপান-ব্রিটেনে তৈরি ৫ পিস্তল ও বিপুল গুলিসহ নারী আটক

ওসি তুহিনুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। সকালে একটি গাড়িতে থাকা নারীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অস্ত্রগুলোর মধ্যে জাপান ও ব্রিটেনের তৈরি পিস্তল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে আটক ওই নারী কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন কিংবা কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি করেন।

  • আটক
  • খুলনা
  • গুলি
  • নারী
  • পিস্তল
  • #