ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। প্রতিক্রিয়ায় গর্জে উঠছে ইরানও। ইরান আর কত দিন এভাবে যুদ্ধ টেনে নিতে পারবে? দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন কর্মকর্তা দাবি করেন, ইরান বর্তমান আকার ও তীব্র মাত্রায় যুদ্ধ আরও ছয় মাস চালিয়ে যেতে সক্ষম।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’
নাইনির এ বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো অভিযান অত্যন্ত সফল হয়েছে।
চলতি সপ্তাহে মার্কিন ট্রাম্প বলেন, ‘আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছি।’ পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও কিছুদিন চলবে। এ ব্যাপারে বিস্তারিত বলতে রাজি হননি ট্রাম্প।