বনানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঢাকার বনানী এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে এক বাসার গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পিংকি নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ৯ তলা ভবনের তৃতীয় তলার একটি বাসার গৃহকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। পিংকি তৃতীয় তলায় যার বাসায় কাজ করতেন সেই গৃহকর্তার নাম রাকিবুল হাসান। তিনি ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন।

রোববার বেলা ৩টার দিকে খবর পেয়ে পুলিশ বনানী ১৩/এ সড়কের ডি ব্লকের ৭৯ নম্বর বাসার নিচ থেকে মেয়েটির লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

তিনি বলেন, ‘তৃতীয় তলার ছাদ থেকে লাফ দেওয়ার সুযোগ নেই, ছাদ থেকেই পড়েছে। এখন সে নিজে লাফ দিয়েছে, নাকি তাকে কেউ ফেলে দিয়েছে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।’

পরিদর্শক মেহেদী বলেন, ‘আমরা বাসার সিসিটিভি ভিডিও যাচাই বাছাই করছি। বাসার একটি ভিডিওতে দেখা গেছে, সে একাই দরজা খুলে বেরিয়ে গেছে। এখন ছাদে সে একাই উঠেছে, নাকি তার সঙ্গে আরো কেউ ছিল, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে।’

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, প্রয়োজনে গৃহকর্তাসহ অন্য আরেকজন গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

  • গৃহকর্মী
  • বনানী
  • মৃত্যু
  • #