প্রতীকী ছবি
কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাগর (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) দুপুরে প্রকাশ্য দিবালোকে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত সাগর শহরের চৌড়হাস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি রংমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুর ১টার দিকে প্রতিপক্ষের প্রবাল ও তার সহযোগীরা সাগরকে চৌড়হাস এলাকায় ডেকে নেয়। এসময় তাদের ডাকে সাগর চৌড়হাস এলাকায় আসার পরপরই ধারালো দেশীয় অস্ত্রে উপর্যুপরি কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসার একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করতে পারে নি পুলিশ। জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।