প্রতীকী ছবি
বীরাঙ্গনা জাহেরা খাতুনের সঙ্গে প্রতারণা করে পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলায় বীর মুক্তিযোদ্ধা এ বি এম গোলাম কাদিরকে (জি কে বাবুল) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তার জামিন বাতিল করে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. মোমেন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুটি ধারায় আসামিকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চার হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২ মার্চ বীরাঙ্গনা জাহেরা খাতুনের মেয়ে জুমি আক্তার প্রতারণার অভিযোগে মামলাটি করেন। তখন বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরে আপসের শর্তে আসামি জামিন পান।
মামলার আরজিতে বলা হয়, উত্তরা আবাসিক এলাকায় ফ্ল্যাট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব গোলাম কাদির বীরাঙ্গনা জাহেরা খাতুনের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা নেন; কিন্তু দীর্ঘদিন পার হলেও তারা কোনো ফ্ল্যাট বরাদ্দ পাননি। এ ঘটনায় ২০২৩ সালের ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।