রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাবে প্রতি সিলিন্ডারের মূল্য ৪১০ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, বেসরকারি খাতের এলপিজির তুলনায় রাষ্ট্রীয় কোম্পানির গ্যাসের দাম কম থাকায় বাজারে ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এই সমস্যা মোকাবিলা এবং উৎপাদন ও পরিচালন ব্যয়ের সঙ্গে মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে দাম বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। সে সময় ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহণ ব্যয় বৃদ্ধি, অপারেশন খরচ এবং বিভিন্ন চার্জ বাড়ার বিষয়টি কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল।
তবে সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রস্তাবটি অনুমোদন দেয়নি। ফলে দাম বাড়ানোর আবেদন নাকচ হওয়ায় আগের মূল্যই বহাল থাকে।
নতুন করে দেওয়া প্রস্তাবটি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে পরবর্তী সময়ে তা কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।