রাজধানীর মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবন এল এ প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন রাকিব হাসান (২১) ও অনন্যা (২০)। ভবনটিতে পোশাকের দোকান, বিউটি পার্লার, ব্যাংকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আগুন লাগার সময় সেখানে ঈদের কেনাকাটার জন্য এসেছিলেন অনেক মানুষ।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সোমবার দুপুরে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে ‘এল এ প্লাজা’ নামের ওই দশতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনের উপরের দিকের ফ্লোরগুলোতে আবাসিক ফ্ল্যাটও রয়েছে। তিনতলা থেকে আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই ভবনে আটকা পাড়েন।
ফায়ার সার্ভিস বিকালে ওই ভবনে আটকে পড়া মোট ২৩ জনকে উদ্ধারের কথা জানিয়েছিল। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী।
এল এ প্লাজার নিরাপত্তাকর্মী নিজামউদ্দীন বলেন, ওই ভবনে অনেকগুলো শোরুম ও অনলাইন শপের অফিস ও গুদাম রয়েছে। বেলা ৩টার দিকে চারতলার বিউটি পার্লারের এসি থেকে আগুন লাগে। ভবনের ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন সবাই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলার পর চারতলার সিড়ির ল্যান্ডিংয়ে দুজনকে নিথর অবস্থায় পাওয়া যায়
নিজাম বলেন, ওই দুজন পঞ্চম তলায় সিঁদুর নামের একটি অনলাইন শপে কেনাকাটার জন্য এসেছিলেন। হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।