খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তার সহযোগী পলাতক রয়েছেন।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ জানান, ধর্ষণের শিকার হওয়া নারী এক কন্যাসন্তানের জননী। গত রোববার পাওনা টাকা চাইতে গিয়ে ওই নারী ধর্ষণের শিকার হন। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহীন ও পঙ্কজ শিকদার  নামে এক ব্যক্তি ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন।

অনিমেষ আরও জানান, ধর্ষণ শেষে ওই নারীকে গেটের ভেতরে তালাবদ্ধ রেখে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করেন। নারীর কাছে থাকা মোবাইল দিয়ে স্বামীকে বিষয়টি জানালে থানায় এসে পুলিশকে জানান।

পুলিশ ওই নারীর সন্ধানে সোনাডাঙ্গা থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনে যায়। নিরাময় কেন্দ্রের মূল ফটক তালাবদ্ধ থাকায় পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে।

অনিমেষ জানান, ধর্ষণের শিকার নারীকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে স্বামীর হেফাজতে দেওয়া হয়।

জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলায় তিনজনকে আসামি করা হবে। তাঁদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

  • অভিযোগ
  • খুলনা
  • দলবদ্ধ
  • ধর্ষণ
  • #