প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিড়াল হত্যার ঘটনায় আকবর হোসেন শিবলুকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন।
এ দণ্ডের পাশাপাশি আসামির ১০ হাজার টাকা জরিমানা, অনদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এজন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা জন্য ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। ওইদিন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আদালত আজ বুধবার তারিখ ধার্য করেন।
গত ২ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এ নিয়ে আদালত মামলাটিতে ৪ জনের সাক্ষ্য নিয়েছেন।
গত বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর অ্যানিমল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেন। এরপর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
আরও জানা যায়, এই মামলার সাক্ষী বিষয়টি দেখে তৎক্ষণাৎ কি করবে বুঝতে না পেরে বাদীকে এই ঘটনার বিষয়ে অবগত করেন। বাদী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহন করেন। এই বিষয়ে সাক্ষীগণ ও সিসি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয় যে, আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। মামলার এজাহারে আসামির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির আবেদনও করেছিলেন এই বাদী।