মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে দায়িত্বরত অবস্থায় নিজের ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে সদর দপ্তরের গার্ড রুমে এই ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ নৌবাহিনীর একজন পেটি অফিসার। তিনি প্রেষণে কোস্টগার্ডে নিযুক্ত ছিলেন। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতী গ্রামে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সকালে গার্ড রুমে গুলির শব্দ শুনে অন্য কোস্ট গার্ড সদস্যরা সেখানে ছুটে যান। তারা সালেহ আহমেদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনার উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত নিহতের পরিবার বা বাহিনীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • অস্ত্র
  • কর্মকর্তা
  • কোস্টগার্ড
  • গুলি
  • মৃত্যু
  • মোংলা
  • #