ভোলায় বসতঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা করে মালামাল লুট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ভোলায় বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পরে স্বর্ণালংকার ও দলিলপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁদ কাজী শিকদার বাড়িতে এই ঘটনা ঘটে। তাঁর নাম হালিমা বেগম (৬০)। তিনি ওই বাড়ির মো. মফিজুল শিকদারের স্ত্রী।

নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে মফিজুল শিকদার তারাবির নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। সেখান থেকে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং তার স্ত্রী বিছানায় পড়ে আছেন। তার কোনো সাড়াশব্দ নেই। পরে তার চিৎকারে স্বজনেরা ছুটে এসে পুলিশে খবর দেন।

পরিবারের সদস্যদের দাবি, হত্যাকারীরা পরিচিত কেউ হবে। বৃদ্ধাকে হত্যা করে ঘর থেকে স্বর্ণালংকার ও দলিলপত্র নিয়ে গেছে বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যায়ে ধারণা করা যাচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে। বিষয়টি তদন্ত চলছে। তবে এখনো এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

  • বসতঘর
  • বৃদ্ধা
  • ভোলা
  • হত্যা
  • #