রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল (বুধবার) সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা- ২০২৬’ নামক একটি কর্মসূচি পালনের সময় তাকে আটক করে পল্টন থানা পুলিশ। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই কারাগারে পাঠানো হয়।
আজ আদালতে জামাল উদ্দীনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার ও গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে দেন।
উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ নামে একটি কর্মসূচি ঘোষণা করে গতকাল ভোরে জিরো পয়েন্ট এলাকায় গিয়েছিলেন অধ্যাপক জামাল উদ্দীন। সেখান থেকেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কর্মসূচিটি ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলার কথা ছিল, তবে পদযাত্রার প্রথম দিনেই তিনি গ্রেপ্তার হন।
পরবর্তীতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাফি আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে জামাল উদ্দীনের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলে অংশগ্রহণ, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রের সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।