ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ বলেছে, বিএনপি মূলত তাদের যুদ্ধাপরাধীদের সঙ্গী করে চলার যে পুরানো নীতি, তারই পুনরাবৃত্তি ঘটালো। বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মেরাজ খান আদর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার ভেতর দিয়ে এই সংসদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করলো।
তারা বলেন, আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করে সংসদে যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হলো। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে জনগণের ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার সম্মতি দিলো, যা জনগণের সঙ্গে একপ্রকার প্রতারণা।
বিবৃতিতে বলা হয়, এর মধ্য দিয়ে বিএনপি মূলত যুদ্ধাপরাধীদের সঙ্গী করে চলার যে পুরানো নীতি, তারই পুনরাবৃত্তি ঘটালো। আমরা দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ এই জাতির, এই ভূখণ্ডের সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা হলে জনগণই তার সমুচিত জবাব দেবে।
প্রসঙ্গত, আজ (১২ মার্চ, ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হয়।