আটকে গেল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারামুক্তি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জমা পড়ায় আটকে গেল সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তির প্রক্রিয়া। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র মো. আরিফ নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আগামী ৩০ মার্চ আসামির উপস্থিতিতে শুনানির দিন রেখেছেন।প্রসিকিউশন পুলিশের এসআই মহিন উদ্দিন এতথ্য দিয়েছেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে করা পাঁচ মামলায় জামিন পান কারাগারে থাকা খায়রুল হক। এরমধ্যে চারটি মামলায় জামিন মেলে গেল রোববার, বাকি একটিতে মেলে বুধবার। কিন্তু এর আগের দিন মঙ্গলবার নতুন করে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা পড়ে।

মামলাটি ২০২৪ সালের ২৫ অগাস্ট করা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করেছেন আরিফের বাবা মো. ইউসুফ। মামলায় বলা হয়, ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে মৃত্যু হয় আরিফের।

  • এ বি এম খায়রুল হক
  • কারামুক্তি
  • সাবেক প্রধান বিচারপতি
  • #