ত্রয়োদশ জাতীয় সংসদে দণ্ডিত ঘাতক ও যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণকে ‘ক্ষমার অযোগ্য ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, এই অপকর্ম মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও বর্বর নির্যাতনের শিকার কয়েক লাখ নারীর আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল।
বিবৃতিতে নেতারা আরও বলেন, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদের মতাদর্শ ও উত্তরাধিকার বহন করা ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দলে থাকা তাদের তল্পিবাহক গোষ্ঠীর লোকেরা ত্রয়োদশ জাতীয় সংসদে আসন গ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, তা ক্ষমার অযোগ্য। দেশের মানুষ এই ধৃষ্টতা কখনোই ভুলবে না।