জাতীয় গ্রিড লাইনে আকস্মিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন৷
তিনি জানান, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। তবে দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিড লাইনে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, ইতোমধ্যে কারিগরি দল ইউনিটগুলো পুনরায় সচল করার লক্ষ্যে কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টা খানেকের মধ্যেই চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি নিয়ে জার্মানিতে যোগাযোগ করা হচ্ছে। এটি পুনরায় সচল করতে অন্তত তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।