হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গৃহকর্মীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় ঝড়-বৃষ্টির সময় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। তার স্বামী সাইফুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। ৫ সন্তানের জননী রাশেদা মধুবাগের রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতেন।

মৃতের দেবর সাখাওয়াত হোসেন জানান, রাশেদা বেগম মধুবাগ এলাকায় বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। রাতে কাজ শেষে ঝড়-বৃষ্টির মধ্যে বাসায় ফেরার সময় একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ ঝড়ো বাতাসে ভবনের ওপর থেকে একটি দেয়ালের ইট ধসে সরাসরি তার মাথার ওপর পড়ে।
এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • ইট
  • গৃহকর্মী
  • নির্মাণাধীন
  • ভবন
  • মৃত্যু
  • হাতিরঝিল
  • #