মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ছবি : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। শুক্রবার রাতে বোর্ডের সদস্যরা জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এর আগে, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

  • অস্ত্রোপচার
  • মস্তিষ্ক
  • মির্জা আব্বাস
  • #