বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত করল ইউনিভার্সিটি অব ডার্বি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি ভিসা সংক্রান্ত নিয়ম কঠোর করার পর দুটি দেশ থেকে শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই দুই দেশের শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। মে মাসে বৃটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে। তাতে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়।

সেখানে বলা হয়, যদি কোনো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ১০ শতাংশের বেশি হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী স্পন্সর করার লাইসেন্স বাতিল করা হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, যেসব শিক্ষার্থী ইতিমধ্যে কনফার্মেশন অব এক্সেপট্যান্স ফর স্টাডিজের (সিএএস) নথি পেয়েছেন, তারা তাদের ভিসা আবেদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। তবে অন্য সব আবেদন বাতিল করা হবে। যদি কেউ ইতিমধ্যে ডিপোজিট বা অগ্রিম অর্থ জমা দিয়ে থাকেন, তাহলে তাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে বলে তিনি জানান।

  • ইউনিভার্সিটি অব ডার্বি
  • পাকিস্তানি
  • বাংলাদেশি
  • শিক্ষার্থী
  • #