রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত এই প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী স্ব-স্ব সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বরিশালের বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজশাহীর মাহফুজুর রহমান মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন। রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। রংপুরের মাহফুজ উন নবী চৌধুরী মহানগরের বিএনপির সদস্য সচিব এবং ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার দলীয়দের বসানো হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব পান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক পদে বসানো হয়।