ফেনীর দাগনভূঞা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওয়াতুল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) আটক ‘জঙ্গি’ নাহিদকে আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত শুনানি শেষে নাহিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফাতেমা মঞ্জিল রোড এলাকা থেকে নাহিদ মিনা ওরফে নাহিদকে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান। নাহিদ গোপালগঞ্জ জেলার পূর্ব লৌখন্ডা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, নাহিদ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস সমর্থিত নিষিদ্ধ সংগঠন দাওয়াতুল ইসলামের সদস্য হিসেবে এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানকালে নাহিদের হেফাজত থেকে ককটেল ও বোমা তৈরির বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি এসব সরঞ্জাম মজুত করেছিলেন।
ওসি ফয়জুল আজীম নোমান বলেন, জঙ্গি দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তা রক্ষায় উপজেলা জুড়ে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।