নিখোঁজের একদিন পর নির্মাণাধীন ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় নিখোঁজ হওয়ার একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আবদুর রহমান তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও শিশুটির পরিবারকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

শিশুটির মা সুমি আক্তার বলেন, শনিবার সকালে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে সকালে প্রতিবেশীর বাড়ির ছাদে তার মরদেহ পাওয়া গেছে। তাদের কোনো শত্রু নেই বলেও দাবি করেন তিনি এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নরসিংদী
  • মরদেহ
  • রায়পুরা
  • শিশু
  • #