প্রতীকী ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম ব্যাচের এক নারী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার সংজ্ঞাহীন দেহ উদ্ধার করা হয়। মৃত শিক্ষার্থীর নাম শারমিন, তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন তার স্বামীর সঙ্গে ইসলামনগরের একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার বিকেলে তার স্বামী বাসায় ফিরে শয়নকক্ষে শারমিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যু নিয়ে ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বিষয়টি এখনো অস্পষ্ট। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আহসান জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সব তথ্য দ্রুত সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।
অন্যদিকে, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।