প্রতীকী ছবি
সাভারে কালাম মিনা (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় একটি মাঠ থেকে কালাম মিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কালাম মিনা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, নিহত কালাম সাভারের মজিদপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি দোকান চালান। শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি আর বাসায় ফেরেননি। রোববার সকালে মজিদপুরে একটি মাঠে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
সাভার মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। শনিবার রাতের কোনো একসময় তাকে দুর্বৃত্তরা হত্যা করে আগুন দিয়ে মুখমণ্ডল বিকৃত করার চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।