প্রতীকী ছবি
খুলনার পাইকগাছায় ভারতী মণ্ডল (৫৬) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নিজ বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ভারতী মণ্ডল উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের বাড়িতে একা থাকতেন। তার একমাত্র ছেলে এসআই চিন্ময় মণ্ডল বাগেরহাট সদর থানায় কর্মরত।
পুলিশ ও গ্রামবাসী জানান, নিহতের স্বামী প্রভাস কুমার মণ্ডল অনেক আগে ধর্মান্তরিত হয়ে আলাদা হয়ে গেছেন। এরপর থেকে ভারতী একাই বাড়িতে থাকতেন। নিহতের ভাই সুকুমার মণ্ডল জানান, সকালে বোনের বাড়িতে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে আসবাব ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে বোনের গলাকাটা লাশ ভাসতে দেখেন।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রীসুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাড়িতে চুরির পর তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও মামলা হয়নি।