‘ধর্ষণে’ ব্যর্থ হয়ে শিশুর শরীরে আগুন, মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসার তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ‘ধর্ষণের’ চেষ্টা করে ব্যর্থ হয়ে তার শরীরে আগুন দেওয়ার পর ওই শিশুর মৃত্যু হয়েছে। একই এলাকার ১৫ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির শরীরে আগুন দেখতে পেয়ে তাকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া স্থানীয় বাসিন্দা মো. তসলিম বলেন, দুপুরে সন্ধ্যা নদীর তীরে নিজের ভিটায় কাজ করছিলেন তিনি। এ সময় ওই শিশুর চিৎকার শুনে গিয়ে দেখতে পান তার শরীরে আগুন জ্বলছে। শিশুটি কান্না করে বলছে, ‘কাকা বাঁচাও’। তখন সঙ্গে থাকা বালতি দিয়ে পানি ছিটিয়ে শিশুটিকে নিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি।

ওই ব্যক্তি বলেন, পরে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ঢাকা পাঠিয়ে দেয়। রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুর মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে।

ওই ব্যক্তি বলেন, শিশুটি শুধু বলেছে স্থানীয় ১৫ বছর বয়সি এক কিশোর তার সঙ্গে ‘খারাপ কাজ করতে চেয়েছে’। সে রাজি না হওয়ায় তাকে পুড়িয়ে দিয়েছে। কীভাবে আগুন দিয়েছে, সেটির বিস্তারিত কিছু বলতে পারেনি সে।

বাবুগঞ্জ থানার ওসি এহতেশামুল ইসলাম একটি শিশুর মৃত্যুর তথ্য দিয়ে রাত সাড়ে ১২টার দিকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। সেখানে গিয়ে বিস্তারিত বলা যাবে।

  • আগুন
  • ধর্ষণ
  • মৃত্যু
  • শরীর
  • শিশু
  • #