ভর্তিতে লটারি প্রত্যাহারের আগে বাস্তবতা যাচাই জরুরি : রাশেদা কে চৌধুরী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে বিদ্যমান লটারিব্যবস্থার বাস্তবতা যাচাইয়ের আহ্বান জানিয় গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেছেনে, এ ব্যবস্থা প্রত্যাহারের আগে মাঠপর্যায়ের বাস্তবতা যাচাই করা জরুরি। কারণ, গ্রামীণ এলাকায় এমন লটারির প্রয়োজন হয় না। এটি মূলত শহরের নামি স্কুলগুলোয় প্রযোজ্য।

‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষাখাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে এ কথা বলেন রাশেদা কে চৌধূরী। সোমবার সকাল ১০টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সংলাপ আয়োজন করে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’।

বিদ্যালয়ে প্রাথমিক স্তরে শিশুদের ভর্তিতে আবারও ভর্তি পরীক্ষা চালুর আলোচনা শুরু হয়েছে। বিষয়টি গত রোববার জাতীয় সংসদেও ওঠে। তবে শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করে বলেছেন, লটারির পরিবর্তে আবার পরীক্ষাপদ্ধতি চালু করা হলে শিশুদের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়বে এবং কোচিং-প্রাইভেটের প্রবণতা নতুন করে মাথাচাড়া দেবে।

অনুষ্ঠানে রাশেদা কে চৌধূরীর প্রস্তাব ছিল, লটারি ও মেধা-দুই পদ্ধতির সমন্বয়ে একটি ‘মিশ্র ভর্তিব্যবস্থা’ বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য কোটা বাড়ানোর কথাও বলেন তিনি।

এ ছাড়া ‘স্কুল ক্যালেন্ডার’ নির্ধারণে বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দেন রাশেদা কে চৌধূরী। তার মতে, সব অঞ্চলের জন্য একই ছুটির ক্যালেন্ডার কার্যকর না–ও হতে পারে। স্থানীয় বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকা উচিত।

দেশের শিক্ষা খাতকে রাজনৈতিক দলীয় স্বার্থের বাইরে রাখার আহ্বান জানিয়ে রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষা অবশ্যই রাজনৈতিক অগ্রাধিকার হতে পারে। তবে তা কোনোভাবেই দলীয় এজেন্ডায় পরিণত হওয়া উচিত নয়।

শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতির দাবি তুলে রাশেদা কে চৌধূরী বলেন, সংবিধানে শিক্ষা এখনো নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃত নয়। এটি রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ আছে। খাদ্যের অধিকার, কাজের অধিকার ও শিক্ষার অধিকারকে সাংবিধানিকভাবে শক্তিশালী করার কথাও বলেন তিনি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় শুধু সনদনির্ভরতা নয়, ক্রীড়া ও সংস্কৃতির মতো বিষয়গুলোয় গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রসঙ্গ এলেও সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষক নিয়োগ নিয়ে তেমন আলোচনা না হওয়ায় প্রশ্ন তোলেন তিনি।

 

  • প্রত্যাহার
  • ভর্তি
  • রাশেদা কে চৌধুরী
  • লটারি
  • #