প্রতিবেশীর ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলেসহ দুজন আহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নাটোর শহরের কান্দিভিটা কদমতলা এলাকায় মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আবুল কালাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার ছেলে কাউসার আলীসহ (২৫) দুজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা ঘরবাড়ি ফেলে আত্মগোপনে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে কান্দিভিটা কদমতলা এলাকায় আবুল কালামের বাড়ির পাশে বাড়ি করেন আল হাফিজ নামের এক ব্যক্তি। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে বাড়ি করার অভিযোগে উভয়ের মধ্যে বিরোধ শুরু হয়। গত শনিবার আবুল কালামের ছেলে কাউছার আলী বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে ঢোকেন।

এরপর আল হাফিজের বাড়িতে আসবাবপত্র নিতে গিয়ে মোটরসাইকেলটির একটি ‘সাইড লাইট’ ভেঙে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। শেষ পর্যন্ত ক্ষতি পূরণ দেওয়ার শর্তে মীমাংসা হয়।

গতকাল রাত দেড়টার দিকে ওই বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে কাউছারের মামা শাহীন আলী চা খাচ্ছিলেন। এ সময় ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করা নিয়ে আল হাফিজের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল কালাম ও কাউছার সেখানে গিয়ে তর্কে জড়ান।

একপর্যায়ে আল হাফিজের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আবুল কালাম, কাউছার ও শাহীন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। অন্য দুজনকে সেখানে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক সুব্রত ঘোষ জানান, ওই তিনজনের শরীরে গুরুতর আঘাত ছিল। তবে আবুল কালামের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। তবে তাঁদের আটকের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

  • আহত
  • ছুরিকাঘাত
  • নাটোর
  • নিহত
  • #