সৌদি আরবে হামলার ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল খারজে একটি ক্লিনিং মেইন্টেনেন্স কোম্পানির আবাসনে গত ৮ মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় আহতও আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা আবদুল্লাহ আল মামুন নামের ওই ব্যক্তিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে এই হামলায় তিনজন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত আবদুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।হামলার পর মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় এক পর্যায়ে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।
ক্ষেপণাস্ত্র হামলায় এর আগের যারা মারা গেছেন তারা হলেন, কিশোরগঞ্জের বাচ্চু মিয়া। হামলায় তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। অপরজন হলেন টাঙ্গাইলের মো. মোশাররফ হোসেন। তার মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছনোর কথা আছে।