দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ নিহত ৭

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। বুধবার সকালে দিল্লির দক্ষিণ-পশ্চিমের পালাম এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎই ভবনের নিচের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, তবে অনেকেই ভিতরে আটকে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় প্রায় ৩০টি দমকল ইঞ্জিন৷ দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে থাকেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, আগুন লাগার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কয়েকজন বাসিন্দা প্রাণ বাঁচাতে বারান্দা থেকে ঝাঁপ দেন। এতে তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়৷ শর্ট সার্কিট বা অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

  • অগ্নিকাণ্ড
  • দিল্লি
  • নিহত
  • ভয়াবহ
  • #